পুরনো সেই দিনের কথা - ২



ছোটবেলায় একটা সময় মনে হতো আমি বড্ড আগে জন্মেছি... এত আগে কেন জন্মালাম? কেন আরও অনেক বছর পরে নয়! তাহলেতো নিত্যনতুন দুনিয়ার একদম নতুনত্ব উপভোগ করতে পারতাম আরও প্রখরভাবে। 

কিন্তু কালের পরিক্রমায় এখন বুঝি আমি পরে না বরং একশত বছর আগে জন্মালে জীবনের সার্থকতা খুঁজে পেতাম। পুরনো ছোটবেলার দিনগুলো ছিলো অসাধারণ, সবচেয়ে সুন্দর দিন। আমরা দুই হাজার দশকের বাচ্চারা ডিজিটালাইজেশন ও ইন্টারনেটের পুরো প্রসেসটার মধ্য দিয়ে গিয়েছি। আমরা টিভির এন্টেনা দেখেছি আবার ওয়ারল্যাস কানেকশন-ও দেখছি। বর্তমানে এ-আই আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে যা আমরা ১০ বছর আগেও ভাবতে পারতাম না।

আমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ঢাকা শহরের একদম জোনে থেকেও আমরা মাঠে খেলেছি, সোনালী শৈশব কাটিয়েছি। আমাদের আউটডোর গেইম বা এক্টিভিটি যেমন ছিলো আবার খুব ছোট্ট থেকেই ফোনের ইভোলিউশন দেখেছি। টিভিতে Cartoon Network, Pogo বা Nickelodeon Cartoon Channel, Disney ছাড়াও বিটিভির সিসিমপুর ছিলো সবচেয়ে প্রিয় অনুষ্ঠান, সেইসাথে প্রতি শুক্রবারে দেখানো সিরিজ 'বিশ্বাস'। 

আমার মতো সুন্দর শৈশব আমার বাচ্চারাও পাচ্ছে না। আগের দিন যতটুকুই দেখেছি ছোটবেলায়, সেটা যদিও ২০০০ সালের পর হতে, তবুও সেইদিনগুলো এত সুন্দর ছিলো! 'Golden Times' যেটাকে বলে। একসময় প্রচুর ঘুরেছি জীবনে; আব্বু, আম্মু আর ভাইয়া, রিলেটিভস, ফ্যামিলি নিয়ে সুন্দর সময় কাটিয়েছি, প্রকৃতির আনাচেকানাচে ঘুরে বেশ কাছ থেকে উপভোগ করেছি।


বিয়ের পর ঘর-সংসার, বাচ্চাদের নিয়ে এক ব্যস্ততার গোলকধাঁধায় আটকে গেছি। তবে এটাও অন্যরকম সুন্দর। জীবনের একেক স্টেইজ একেকরকম সৌন্দর্য নিয়ে আসে। ছোটবেলায় মনে হতো কবে বড় হব? এখন বড় হওয়ার পর আমার ইচ্ছা করে সেই নির্ভার শৈশবে ফিরে যাই, আবার ছোট্ট হয়ে যাই। যখন আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিলো নতুন রঙ-পেন্সিলের বক্স কেনার মধ্যে, নতুন পেন্সিল-রাবার সেট কেনার মধ্যে বা ফ্যান্সি পেন্সিল বক্স! নতুন পুতুল সেট বা কুকিং সেট নিয়ে বসলে সেদিন আমাকে আর খুঁজে পাওয়া যেত না। কত রকমের স্টেশনারি আইটেম যে আমার ছিলো। আমার সব সুখ ছিলো এসব ঘিরে। ছোট মানুষের জগৎটাও ছিলো বড্ড ছোট, সুখি ছিলাম বেশ বৈকি।

এখনকার সময়ে বাচ্চাদের শৈশব থেমে গেছে অসংখ্য পিশাচের আক্রমণে। তাদের ভয়াল থাবা হতে কোনো নিষ্পাপ শিশুই বাদ যায়না। দিন যতো এগোচ্ছে... পৃথিবী ও পৃথিবীতে বসবাসকারী মানুষরুপী হায়েনাগুলোর পদচারণা বেড়েই চলেছে... শিশুরা আজ নিরাপদ নয়, নেই তাদের জন্য নিরাপদ রঙিন শিশুসুলভ পরিবেশ ও নিরাপত্তা। জানিনা সেই নিরাপদ, রঙিন শৈশব আবার কবে ফিরে আসবে.. আমাদের সন্তানেরা ছুটে বেড়াবে ইচ্ছেমতো, নিঃস্বাধীনভাবে.. ভয়হীন দৃঢ়-প্রত্যয়ে।

- হাবিবা সুলাইমান।

#habibas_ephemeris

Comments

Popular Posts